নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর একজন সহকারী আইনজীবী।
পারিবারিক সূত্রে জানা গেছে, খোকন সাহার মরদেহ ঢাকাতেই দাহ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর মরদেহ নারায়ণগঞ্জে আনা হবে না বলেও জানা গেছে।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন খোকন সাহা। প্রথমে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। পরবর্তী সময়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার রাতে শারীরিক অবস্থার কারণে তাঁকে মহাখালীর ওই হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত এই নেতা।

