যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছেন। এতে মিত্র ও প্রতিপক্ষ—উভয় পক্ষের মধ্যেই অস্থিরতা তৈরি হয়েছে। এখন নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর বিদেশে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ।
ইরান, ইসরায়েল ও ইউক্রেনের জন্য বিষয়টি শুধু যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচনের ফল তেহরানের সঙ্গে ট্রাম্প সমঝোতার পথে যাবেন, নাকি নতুন করে যুদ্ধের দিকে এগোবেন—তা প্রভাবিত করতে পারে। একই সঙ্গে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের সমর্থন কতটা কমবে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে শর্ত মেনে নিতে ট্রাম্প কতটা চাপ দেবেন, সেটিও এর ওপর নির্ভর করতে পারে।
ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নতুন সুযোগ পাবেন। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পের হাতে এখনো যথেষ্ট ক্ষমতা রয়েছে। ফলে বিশ্বনেতাদের সামনে বড় প্রশ্ন—নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প কি সমঝোতায় আগ্রহী হবেন, নাকি নিজের অবস্থান বাস্তবায়নে আরও কঠোর হবেন?
যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির বিষয়গুলোতে নির্বাচনের সম্ভাব্য প্রভাব তুলে ধরা হলো।
ইরানের উল্লাস, তবে শান্তির নিশ্চয়তা নেই
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ইরান উচ্ছ্বাস প্রকাশ করলেও সামনে কী ঘটতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন। দেশটি আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে অথবা সমঝোতার জন্য আবারও উদ্যোগ নিতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক ফোনালাপে ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও স্পষ্টভাবে বিষয়টি তুলে ধরেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা যে হেরেছি, তার কারণ যুদ্ধ।’
যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ভোটারদের অবস্থান শক্তিশালী করতে গত আট মাস ধরে ইরানের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন রিপাবলিকানদের পরাজয়কে নিজেদের অবস্থানের পক্ষে জনসমর্থনের প্রকাশ হিসেবে দেখছে তেহরান। ট্রাম্পও স্বীকার করেছেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব নির্বাচনে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেছেন, ‘মার্কিন সরকার যদি আন্তর্জাতিক প্রভু ও ব্ল্যাকমেইলকারীদের স্বার্থে জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তারা বুঝতে পারবে, আমাদের “না” বলার পরিণতি হবে দুঃস্বপ্ন।’
তবে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে—এমন আশা করছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনবে বলে যারা মনে করছেন, তারা ‘ভুল করছেন’।
ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ওপর নির্ভর করে তাদের কৌশল নির্ধারিত হয় না। তারা একদিকে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করছেন।
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প ইরানে আরও ব্যাপক হামলার নির্দেশ দিতে পারেন—এমন খবর পুরো অঞ্চলে উদ্বেগ বাড়িয়েছে। তেহরানও সতর্ক করেছে, নতুন হামলা হলে তাদের পাল্টা জবাব আগের দফাগুলোর তুলনায় অনেক বিস্তৃত হবে।
চলতি সপ্তাহে কয়েকজন সাংবাদিককে ট্রাম্প বলেছেন, ইরানে বড় ধরনের হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন। আবার অন্যদের জানিয়েছেন, আপাতত নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ওয়ায়েজ সিএনএনকে বলেন, ‘ইরানের যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে। এখন তার সামনে কঠিন দুটি পথ—মুখরক্ষা করে কোনো সমঝোতায় পৌঁছে বিজয় ঘোষণা করা, অথবা সামরিকভাবে আরও কঠোর হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করা।’
তিনি আরও বলেন, নির্বাচনে দুর্বল হয়ে পড়া কোনো প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে সাফল্য অর্জনের মাধ্যমে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করতে পারেন। আর সেখানেই বিপদের আশঙ্কা।
তবে কূটনীতির পথও খোলা রয়েছে। গ্রীষ্মের পর স্থবির হয়ে পড়া আলোচনা গত এক সপ্তাহে আবার গতি পেয়েছে। তেহরান কাতারের মধ্যস্থতাকারীদের কাছে কর্মকর্তাদের পাঠিয়েছে। তারা ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন প্রস্তাব বিনিময় করছেন। নির্বাচনের আগে ইরান প্রস্তাব দিয়েছিল, ট্রাম্প তাদের সাতটি শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
চ্যাথাম হাউসের সানাম ভাকিল বলেন, ইরানের নেতৃত্ব নির্বাচনের ফলকে নিজেদের অবস্থানের পক্ষে সমর্থন হিসেবে দেখতে পারে। তবে এতে তাদের সমস্যার সমাধান হবে না।
তার মতে, ট্রাম্পের একটি কূটনৈতিক সাফল্য প্রয়োজন। কিন্তু তিনি দুর্বল হিসেবে বিবেচিত হতে চান না। অন্যদিকে তেহরান মনে করতে পারে, নির্বাচনে ট্রাম্পের ধাক্কা তাদের আরও বেশি ছাড় আদায়ের সুযোগ তৈরি করেছে।
ভাকিলের ধারণা, সামরিক হুমকির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়বে। তবে পূর্ণাঙ্গ সমঝোতার চেয়ে হরমুজ প্রণালি নিয়ে অন্তর্বর্তী কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা বেশি।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘একটি যুগের অবসান’
ইসরায়েলে নির্বাচনের দিন ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আকস্মিক ঘোষণা ছিল প্রথম বড় ধাক্কা। এরপর মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের দুই কক্ষেই বড় জয়, যাকে ‘ব্লু সুনামি’ বলা হচ্ছে, ইসরায়েলের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি দুই দলের সমর্থন আগেই কমতে শুরু করেছিল। গাজা যুদ্ধে প্রাণহানির ঘটনায় ডেমোক্র্যাটদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। একই সঙ্গে রিপাবলিকানদের একটি অংশও মনে করতে শুরু করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেন, এই মুহূর্তে ইসরায়েলের সমালোচনাই দুই দলের মধ্যে একমাত্র অভিন্ন বিষয়।
তিনি সিএনএনকে বলেন, এটি ডেমোক্র্যাটিক পার্টির একটি রাজনৈতিক নীতিতে পরিণত হয়েছে। আর রিপাবলিকান পার্টির বড় একটি অংশের মধ্যেও এটি একইভাবে জায়গা করে নিচ্ছে।
ওরেনের মতে, মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা কেবল একটি প্রক্রিয়ার শুরু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং আয়রন ডোমের মতো গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থা যৌথভাবে উন্নয়নের কাজও বন্ধ করতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিষয়টিও উল্লেখ করেন তিনি। সেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের প্রেসিডেন্টই ভেটো ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে সুরক্ষা দিয়েছেন।
জেরুজালেম পোস্টের সাবেক প্রধান সম্পাদক ইয়াকভ কাটজও সতর্ক করেছেন, সামনে আরও পরিবর্তন আসতে পারে। এক্সে তিনি লিখেছেন, ‘গতকাল সামরিক সহায়তা নিয়ে ট্রাম্প যা ঘোষণা করেছেন, তা পরিবর্তনের বিশাল সম্ভাবনার সামান্য অংশ মাত্র। অস্ত্র বিক্রি বন্ধ হতে পারে, নিষেধাজ্ঞার প্রস্তাব আসতে পারে এবং যৌথ অর্থনৈতিক কর্মসূচির অর্থায়ন বন্ধ হতে পারে।’
ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে। মার্কিন ভোটারদের একটি অংশ মনে করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছেন।
এখনো নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা শুরুর পক্ষে চাপ দিচ্ছেন। এতে আবারও যুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধের কারণে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা চলছে। মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান নেতানিয়াহু। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটেরও একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে তাকে রেকর্ডসংখ্যক ভোট পাওয়া আরব দলগুলোর সঙ্গে কাজ করতে হতে পারে।
বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুকে সরিয়ে দেশকে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনার জন্য ইসরায়েলের হাতে সময় নষ্ট করার সুযোগ নেই।
ট্রাম্প-পরবর্তী বিশ্বের অপেক্ষায় ইউক্রেন
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইউক্রেনের প্রতিক্রিয়া সামনে এসেছিল। তবে বুধবার এ বিষয়ে দেশটির পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য আসেনি।
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে। ট্রাম্প জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানিয়েছেন, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট জ্বালানি চুক্তির উদ্যোগ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেনের প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের নির্ভরতা বাধাগ্রস্ত হতে দেখেছেন।
এ অবস্থায় কিয়েভকে আগেভাগেই একটি অবস্থান নিতে হয়েছে। সেটি হলো—জরুরি ভিত্তিতে ট্রাম্প-পরবর্তী বিশ্বের জন্য অপেক্ষা করা।
বুধবার যখন ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ার বিষয়টি স্পষ্ট হতে শুরু করে, তখন ইউক্রেনের পক্ষ থেকে খুব বেশি আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। মধ্যবর্তী নির্বাচনের খবর দেখার সময় জেলেনস্কির হাতে বিয়ার ও পপকর্নের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিমগুলোই যেন তার হয়ে কথা বলেছে।
জেলেনস্কির দপ্তরের উপপ্রধান সের্গেই কিসলিৎসিয়া ইউক্রেনের টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় থাকুক, তাদের সঙ্গে ‘প্রকৃত, স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবে ইউক্রেন। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংগ্রহ এবং নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করার চেষ্টা চালাবে দেশটি।
এ ছাড়া কংগ্রেসের ক্ষমতা খর্ব করতে পারে—এমন সম্ভাব্য নির্বাহী আদেশের বিষয়টিও ইউক্রেনকে বিবেচনায় রাখতে হবে।
তবে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়া এবং তার রাজনৈতিক দর্শন ও প্রেসিডেন্সির সময় ফুরিয়ে আসার বিষয়টি কিয়েভের জন্য সুবিধাজনক—এ কথা অস্বীকার করার উপায় নেই।
ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সহজ। কিন্তু রাশিয়ার আগ্রাসনের শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তিনি ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছেন। তিনি কখনো জেলেনস্কিকে অপমান করেছেন, কখনো তিরস্কার করেছেন, আবার কখনো তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন। এ সময় ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দশকের নিরাপত্তা জোটের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তবে ইউক্রেনের এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু পাওয়ার প্রয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র, অর্থ এবং দেশটির পাশে থাকার বৃহত্তর নিশ্চয়তা। কিন্তু কয়েক মাসের বৈরী আচরণের পর কিয়েভ হিসাব করেছে, ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না।
তবে ট্রাম্পের রাজনৈতিক সময় ফুরিয়ে আসার একটি নেতিবাচক দিকও রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করতে পারেন, ২০২৮ সালের নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের নীতিতে ইউক্রেনের প্রতি আগের সমর্থন ফিরে আসার আগে তার হাতে প্রায় এক বছর সময় রয়েছে। এই সময়ের মধ্যে যেকোনো মূল্যে যুদ্ধে নিজের পক্ষে সবচেয়ে ভালো ফল অর্জনের চেষ্টা করতে পারেন তিনি।
এখন পর্যন্ত ট্রাম্পকে নিজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পেয়েও পুতিন যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেননি। ট্রাম্পের রাজনৈতিক কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ার এই সময়ে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করতে পারেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: সিএনএন

