নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রাংশ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।
পুলিশ জানায়, অভিযানে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন এসআই মফিজুল ইসলাম।

