নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ থাকা ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা চালু, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরির নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কারখানার শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর থেকে ফতুল্লার গাবতলী পশ্চিম ইসদাইর টাগারপাড় এলাকার কারখানাটি বন্ধ রয়েছে। এতে কয়েকশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তাঁরা।
কারখানার শ্রমিক সাবিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহসভাপতি হাসনাত কবির, সহসাধারণ সম্পাদক নুর হোসেন সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রুহুল আমিন সোহাগসহ শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলেও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে মালিকপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে শ্রমিকরা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অথচ শ্রমিকদের পাওনা বেতন কোনো অনুদান নয়, এটি তাঁদের আইনগত অধিকার।
তাঁরা আরও বলেন, কারখানা চালু ও বকেয়া বেতন আদায়ের দাবিতে জেলা প্রশাসন, পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিকেএমইএ এবং শিল্প পুলিশের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি।
সমাবেশ থেকে অবিলম্বে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানো, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ, চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়। কারখানা চালু করা সম্ভব না হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানান নেতৃবৃন্দ।
দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

