নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
অ্যাকাউন্ট ফিরে পেয়ে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চারদিন আমার শ্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’
তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, তিনি সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
ফারুকী বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’
ফারুকীর দাবি, বেশ কিছুদিন ধরেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

