নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সময়ে নারী নির্যাতন মামলায় একজন এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি মো. আবুল খায়ের (৪০) ও মো. মোস্তাক (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি নুরু মিয়া ও কামরুল ইসলাম ভেল এবং নারী নির্যাতন মামলার আসামি কাজী রাসেল (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

