দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে নিষ্ঠা, কর্মদক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে হুমায়ুন কবিরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর আগেও নিজের কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার পুরস্কৃত হন তিনি। এবার তৃতীয়বারের মতো সম্মাননা পাওয়ায় তাঁর কর্মদক্ষতার বিষয়টি আবারও সামনে এসেছে।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো পুরস্কার পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। এ অর্জন তাঁকে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করেছে এবং আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা এবং দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতেও আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

