নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে শুরু হয়েছে ‘চাকরি মেলা ২০২৬’। শিল্পাঞ্চল বিসিক এলাকায় আয়োজিত এ মেলায় চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু।
উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরি প্রত্যাশী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় মেলার সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু জানান, মেলায় চাকরি প্রত্যাশীদের তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে এসব সাক্ষাৎকার থেকেই চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিল্পাঞ্চল বিসিকের এ চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। ফলে নারায়ণগঞ্জের শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি চাকরি প্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

