দলীয় পদ স্থগিতের প্রতিবাদে বিশাল মৌন মিছিল করে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সমর্থকরা। মিছিলে দলের নেতাকর্মীদের বাহিরেও কয়েক শ নারী-পুরুষের অংশগ্রহণে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এ মৌন মিছিল ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা নীরব কর্মসূচির মধ্য দিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে দুই নেতার প্রতি তাঁদের সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আনোয়ার প্রধান ও শেখ আঞ্জুম আহমেদ রিফাতের দলীয় পদ স্থগিত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আনোয়ার প্রধান ও রিফাতের অনুসারীদের এই কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দলীয় পদ স্থগিতের পর তাঁদের পক্ষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে এই মিছিলের মাধ্যমে দুই নেতার প্রতি সমর্থনের ব্যাপ্তি কতটা স্পষ্ট হয়েছে, তা মূল্যায়নের পাশাপাশি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের পরবর্তী সাংগঠনিক অবস্থান কী হয়, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
আইনজীবী সমিতির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন দলীয় রাজনীতিতেও প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্থানীয় নেতৃত্ব কীভাবে বিরোধের সমাধান করে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

