জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি, কঠোর নিরাপত্তার আশ্বাস প্রশাসনের
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নারী ও শিশুসহ সবার নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। এ দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পৃথকভাবে এ স্মারকলিপি দেন মহিলা পরিষদের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় গবেষণা ও পাঠাগার সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, জেলা সদস্য ফাহমিদা আজাদ এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সবাই যেন মিলেমিশে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে।
তাঁরা বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে নারী ও শিশুরা যাতে নির্বিঘ্নে পূজামণ্ডপে যাতায়াত ও উৎসবে অংশ নিতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
স্মারকলিপিতে দুর্গোৎসব চলাকালে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

