পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের কাছে কিছু অর্থ পাঠাতে রাতে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন সরকারি মার্চেন্টস ওয়ার্কার্স (এম.ডব্লিউ) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিফাত। দিনের বেলায় পড়াশোনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও রাত কাটছে রাজধানীর গুলশান-২ এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে।
রোববার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে রিফাতের এই জীবনসংগ্রামের বিষয়টি সামনে আসে।
শাহেদ আহমেদ তাঁর পোস্টে জানান, তাঁর প্রিয় সংগঠন ছাত্রদলের সরকারি এম.ডব্লিউ কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. রিফাত বর্তমানে গুলশান-২ এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সরকারি মার্চেন্টস ওয়ার্কার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি রিফাত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। নিজের শিক্ষাজীবনের ব্যয় নির্বাহ এবং পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠাতে তিনি রাতে চাকরি করছেন। ফলে দিনের সময় পড়াশোনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে এবং রাতের বড় একটি সময় কর্মস্থলে কাটছে তাঁর।
রিফাতের পড়াশোনার পাশাপাশি রাতের চাকরি করার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন শিক্ষার্থীর নিজের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব পালনে কাজ করে যাওয়ার বিষয়টি অনেকের নজর কেড়েছে।
শাহেদ আহমেদ তাঁর পোস্টে রিফাতের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দল ক্ষমতায় থাকার পরও একজন ছাত্রদল নেতাকে এমন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একই সঙ্গে তিনি রিফাতের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, “দল ক্ষমতায় থাকার পরেও এগুলো দেখতে হচ্ছে। ইনশাআল্লাহ আজ থেকে তারও দায়িত্ব নিলাম আমি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ওর জন্য করবো।”
রিফাতের এই সংগ্রামী জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পড়াশোনা, রাজনীতি ও জীবিকার তাগিদ—তিনটি দায়িত্ব একসঙ্গে সামলে এগিয়ে চলার বিষয়টিই আলোচনায় এসেছে।

