‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। অথচ প্রথম সিনেমায় তার অভিনীত চরিত্রটি ছিল গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দীপিকা না থাকলে তার চরিত্রের কী হবে? চরিত্রটি কি বাদ দেওয়া হবে, নাকি অন্য কোনোভাবে গল্পে রাখা হবে? পরিচালক নাগ আশ্বিনের সাম্প্রতিক বক্তব্যের পর এই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।
‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন সংযোজন হচ্ছে না বলে জানিয়েছেন নাগ আশ্বিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিক্যুয়েল প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার নতুন কোনো সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে এরই মধ্যে এত চরিত্র রয়েছে।
পরিচালকের এই বক্তব্যের পরই দীপিকার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রথম পর্বে সুমতি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। তাকে ঘিরেই গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সিক্যুয়েলে থাকছেন না এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’র আসন্ন সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। প্রথম সিনেমা তৈরির দীর্ঘ যাত্রার পরও বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়। একই সঙ্গে অভিনেত্রীর ভবিষ্যৎ কাজের জন্য শুভেচ্ছাও জানায় তারা।
দীপিকার সিক্যুয়েলে না থাকার কারণ নিয়ে অবশ্য বিভিন্ন সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। শোনা যায়, কাজের সময় ও পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত হয়েছে। আবার এমন খবরও ছিল, দ্বিতীয় পর্বে দীপিকার চরিত্রের পরিসর ছোট হয়ে যাওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে এসব কারণের কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এখন পর্যন্ত দীপিকার জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নেওয়ার বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তার চরিত্রটি গল্প থেকে বাদ পড়বে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রথম সিনেমার গল্পে চরিত্রটির গুরুত্ব বিবেচনায় তাকে বাদ দিয়ে কাহিনি কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে একই সাক্ষাৎকারে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নাগ আশ্বিন। তিনি জানান, কমল হাসান ও অমিতাভ বচ্চনের বেশ কিছু আলাদা দৃশ্য চলতি বছরের শুরুতেই শুট করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গেও শুটিং করেছেন।
তবে প্রভাসের ব্যস্ততার কারণে ছবির পূর্ণাঙ্গ শুটিং শুরু করতে কিছুটা দেরি হয়েছে। অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় প্রভাসের সময় পাওয়া যাচ্ছিল না। এখন সেই সমস্যা মিটেছে বলে জানিয়েছেন পরিচালক।
নাগ আশ্বিন বলেন, ‘আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু করব। এখন সমস্ত শিল্পীর সময় পাওয়া গিয়েছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে চলে যেতে পারব।’
‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৮ সালে মুক্তি পাবে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘মনে হচ্ছে ২০২৮-ই হবে, নিশ্চিতভাবেই।’
২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১১০০ কোটিরও বেশি রুপি আয় করে। এবার সিক্যুয়েলে দীপিকার অনুপস্থিতিতে তার গুরুত্বপূর্ণ চরিত্রটি কীভাবে গল্পে এগিয়ে নেওয়া হবে, সেই উত্তরই জানতে অপেক্ষায় দর্শক।

