ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সপ্তাহের শুরুতেই দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো দামের গ্রাফ। সর্বশেষ সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে সারা দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে এ দফায় রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১০ জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত স্বর্ণমূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্বর্ণের দামে শেষবার সমন্বয় আনে বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর ছিল। মাত্র দুই দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দাম বাড়ানো হলো।
দফায় দফায় দামের এই ওঠানামা স্বর্ণবাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই সামনে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।
ভরিতে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
Leave a Comment

