নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ তিন স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার বালুরমাঠে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মো. ফারুকের যমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির হোসেন (১৪)। আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। পরে তারা স্কুলে না গিয়ে সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে যায়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে চারজনই মেঘনা নদীতে গোসল করতে নামে।
নদীতে নামার কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা ফারিজ আহমেদ পানি থেকে তীরে উঠে আসতে সক্ষম হলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকাসহ সংশ্লিষ্ট ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে যমজ দুই ভাই আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর আবিরের মরদেহও উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। উদ্ধার অভিযানে ডুবুরি দল অংশ নেয় এবং নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া শিক্ষার্থী ফারিজ আহমেদ জানান, তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে গিয়েছিল। পরে সবাই মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। তিনি তীরের কাছাকাছি থাকায় পানি থেকে উঠে আসতে পারলেও অন্য তিনজন পানিতে তলিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একসঙ্গে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যুতে বাড়িমজলিশসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে যমজ দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

