গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের। এবার এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। ফলে, এখন থেকে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ থাকবে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, তার নির্দেশে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
এসব আলোচনায় গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া গ্রিনল্যান্ডে কোনো প্রতিপক্ষ সামরিক ঘাঁটি স্থাপন বা সেনা মোতায়েন করতে পারবে না। একই সঙ্গে, গ্রিনল্যান্ডের বিভিন্ন এলাকায় বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। এ জন্য গ্রিনল্যান্ডে বেশ কয়েকটি সম্ভাব্য স্থান রয়েছে বলে জানান ট্রাম্প।
এদিকে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের যৌথ বিবৃতিতে বিষয়টি কিছুটা ভিন্নভাবে বলা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে।
তবে, চুক্তিটি কার্যকর করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পার্লামেন্টের অনুমোদন লাগবে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে, গ্রিনল্যান্ডের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করেন তিনি।
সূত্র: আল-জাজিরা

