মৌসুমে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন রাফিনহা। আর তাতে লা লিগার নতুন মৌসুমে ৬ ম্যাচে শতভাগ জয় ধরে রেখেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকার হ্যাটট্রিকে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনহার নামের পাশে এখন ১১ গোল। যার ৯টি করেছেন লা লিগায়। তার পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা।
হ্যান্সি ফ্লিকের দল শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের পাঁচটিতেই অন্তত পাঁচ গোল করেছে তারা। সব মিলিয়ে বার্সার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ।
অষ্টম মিনিটে বার্সার হয়ে গোলের শুরুটা করেন জোয়াও ক্যানসেলো। প্রায় ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন তিনি। প্রথমার্ধের মাঝামাঝি রাফিনহার পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
মাগুয়েতে গুয়ের গোলে এক গোল শোধ করে রেসিং। তবে কিছুক্ষণ পরই আবার দুই গোলের ব্যবধান তৈরি করে বার্সা। ক্যানসেলোর দূরপাল্লার শট রেসিং ডিফেন্ডার আসিয়ের ভিলিয়ালিব্রের গায়ে লেগে জালে জড়ায়। পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে দেওয়া হয়।
এরপর নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। কিছুক্ষণ পর পঞ্চম গোলের সুযোগ পেয়েছিল বার্সা। তবে বিরতির ঠিক আগে লামিনে ইয়ামালের পেনাল্টি ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক হুলেন আগিররেজাবালা।
৬৫ মিনিটে ইয়াসির জাবিরির গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করে রেসিং। কিন্তু মাত্র দুই মিনিট পরই বার্সা পায় তৃতীয় পেনাল্টি।
আবারও স্পটকিক নিতে এগিয়ে আসেন অধিনায়ক রাফিনহা। এবারও ভুল করেননি তিনি। পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এরপর ইয়ামালের পাস থেকে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস বার্সার ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের ৮৯ মিনিটে অবশেষে নিজের গোলের দেখা পান ইয়ামাল। তার গোলে ৭-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

