নারায়ণগঞ্জের গলাচিপা এলাকাকে দ্রুত মাদক ও অপরাধমুক্ত জনপদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় অচিরেই গলাচিপায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
সম্প্রতি গলাচিপা এলাকায় অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের অধিকাংশ মানুষই শান্তিপ্রিয় ও আইন মেনে চলেন। মাত্র অল্পসংখ্যক মানুষ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাই সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে অপরাধ দমন অনেক সহজ হবে এবং সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে গলাচিপার সচেতন নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভার ইতিবাচক ফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। এলাকাবাসী এখন স্বতঃস্ফূর্তভাবে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের এই সচেতনতাই অপরাধ দমনে সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গলাচিপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থানা পুলিশ, ডিসিএসপি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম এবং স্থানীয়দের সক্রিয় সহযোগিতার মাধ্যমে খুব শিগগিরই গলাচিপাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

