নারায়ণগঞ্জের বিশিষ্ট চিত্র পরিচালক, নাট্যকার, নাট্য পরিচালক ও মঞ্চের তুখোড় অভিনেতা বোরহান উদ্দিন রনি আর নেই। তার মৃত্যুতে জেলার নাট্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডের গলাচিপা এলাকার বাসিন্দা রনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন বাদ মাগরিব গলাচিপা জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়। বোরহান উদ্দিন রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ নাট্য কল্যাণ সংস্থা। এক যৌথ শোকবার্তায় সংগঠনটির সভাপতি মশিউর রহমান রনি এবং সাধারণ সম্পাদক আলমগীর আজীজ ইমন বলেন, বোরহান উদ্দিন রনির মৃত্যু নারায়ণগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন দক্ষ নাট্যব্যক্তিত্বই ছিলেন না, বরং সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। তার কর্ম, আদর্শ ও সৃজনশীলতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার প্রয়াণে নারায়ণগঞ্জের নাট্যপাড়ায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা। তারা বলেন, বোরহান উদ্দিন রনির সৃষ্টিশীল কর্ম, নাট্যচর্চার প্রতি নিবেদন এবং সাংগঠনিক ভূমিকা দীর্ঘদিন স্মরণে থাকবে।
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক
Leave a Comment

