নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি ৪ জন, নিয়মিত মামলার ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
অভিযানে মাদক মামলায় রাজা শেখ ওরফে রাজু (২৩), মো. অহিদুল্লাহ (৫০), মো. জনি (১৯) ও আক্তার হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় মো. ইউসুফ (২৪), মহর আলী (৫৩), নয়ন সরকার (৪৪) ও রাসেল (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নন্দ কিশোর মিথুন ও আওলাদ হোসেন (২৮) পুলিশের হাতে আটক হন।
অন্যদিকে, মাদকসেবনের অভিযোগে ছালাম (২৫), সোহাগ ইসলাম (২৪), মো. নাছির (২৯), সোহাগ মোল্লা (৩৪), মো. সাগর (২৪)সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

