নারায়ণগঞ্জে পুনর্বাসনের ব্যবস্থা এবং বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন হকাররা।
রোববার (৫ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর জাতীয়তাবাদী হকার ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন এলাকার হকাররা অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশ শেষে হকাররা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মহানগর জাতীয়তাবাদী হকার ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনি। তিনি বলেন, হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। এতে পথচারীদের চলাচল কিংবা যানজটের কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, নগরীতে প্রায় পাঁচ হাজার হকার জীবিকার জন্য ফুটপাতের ওপর নির্ভরশীল। পুনর্বাসনের দাবিতে প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মানবিক বিবেচনায় হকারদের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
রনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করতে না পারায় অনেক হকারের পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত পুনর্বাসনের পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

