নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক সেলুনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড়সংলগ্ন ডিএনডি লেকের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি ডিএনডি লেকের পশ্চিম পাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার রাতে তপন শীল আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে ডিএনডি লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তপন শীলের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

