ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামাদ ওই এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন ইউসুফ আলী ও ইসমাইল। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদসহ তিনজন বাড়ির পাশের ধানক্ষেতে কৃষিকাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনজনই আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. আলাউদ্দিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

