পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসী ও জেলাবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
এসপি মিজানুর রহমান মুন্সী বলেন, মহান আল্লাহ মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামীন’ হিসেবে প্রেরণ করেছেন। তাঁর জীবন ও আদর্শে সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবিকতার শিক্ষা রয়েছে।
পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী” (সুরা আল-কলম, আয়াত ৪)। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার মাধ্যমে মানবজাতির জন্য অনন্য আদর্শ স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, মহানবী (সা.) এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারী, শিশু, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে তাঁর দেওয়া সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা আজও সবার জন্য অনুসরণীয়।
জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জসহ বাংলাদেশ ও বিশ্বের সব মানুষের ওপর মহান আল্লাহর রহমত, বরকত ও শান্তি কামনা করেন।

