নারায়ণগঞ্জের বন্দরে ডক ইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপন (২৩)। তারা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ও আপনকে গ্রেপ্তার করা হয়।
এসআই লুৎফর রহমান আরও জানান, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দীতে অবস্থিত এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ফ্যাক্টরির মালিক মো. ইমান খানকে মারধর করেন এবং তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ঘটনার পর ফ্যাক্টরির ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

