নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলের মহানগর আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং বিএনপি যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতারা জনসম্মুখে পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ করেন। অথচ এ বিষয়টিকে কেন্দ্র করে বিরোধী দল, গুপ্ত সংগঠন ও এনসিপি নারীর মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সংযত আচরণ করেন। বিএনপির নেতাকর্মীরা কোনো উসকানিমূলক আচরণ করবে না উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে। তবে দেশের মানুষ সেই চক্রান্ত বুঝে ফেলেছে এবং কোনোভাবেই তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। একটি নবগঠিত সরকারের বিরুদ্ধে যেভাবে বিরূপ প্রচারণা চালানো হচ্ছে, তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, আনোয়ার হোসেন আনু, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমুখ।

