চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হলে তাদের নাম প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, চাঁদা দাবি করা হলেও অনেকে ভয়ে কিংবা অন্য কোনো কারণে চাঁদাবাজদের নাম প্রকাশ করেন না। এতে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “অনেক জায়গায় দেখেছি, চাঁদা চাওয়া হয়, কিন্তু চাঁদাবাজের নাম প্রকাশ করা হয় না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন। কোনো অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আয় যাতে চাঁদাবাজরা কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখা হবে। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
হোসিয়ারি শিল্প প্রসঙ্গে সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি মালিকরা বর্তমানে উন্নতমানের পোশাক তৈরি করছেন। এসব পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। শিল্পটির আরও বিকাশে ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারি মালিকদের স্বার্থে তারা অতীতেও আন্দোলন করেছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও করবেন। তিনি ব্যবসায়ীদের চাঁদাবাজদের ভয় না পাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের জন্য সহজ হবে।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি-সমৃদ্ধি এবং হোসিয়ারি শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।
এ সময় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

