নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় রাজু আহম্মেদ (৩২) নামে এক বিএনপিকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় তাঁকে বাঁচাতে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যও আহত হন।
নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। স্থানীয় বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি গরুর খামার পরিচালনা করতেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাতে একটি পূর্ববর্তী বিরোধের জেরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রাজুকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

