অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আসলাম মিয়া। কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি ও দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা-এর সম্পাদক মো. শাহ আলম তালুকদার, নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এনএএন টিভির প্রোগ্রাম ডিরেক্টর মো. শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলা-র বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি মো. সাজু হোসেন, সময় সকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. নাজমুল হোসেন (আশিক) এবং নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. মিঠুন মিয়া।
বক্তারা বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ কারাবন্দী সাংবাদিকদের দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অবশ্যই আইনি প্রক্রিয়ায় তদন্ত ও বিচার হতে পারে। তবে সেই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত। গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অব্যাহত থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চলবে বলেও তারা জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মো. লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো. সুজন, মো. মুক্তাদির রহমান, মো. তোফাজ্জল হোসেন, মো. আল আমিন, মো. জাকির আহমেদ, মনির হোসেন, মো. ওয়ারদে রহমানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা।

