নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকার বিভিন্ন আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইন প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একাধিক আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য বিচার বিভাগকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, “আগামী দিনে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে।”
সংসদ সদস্য আবুল কালাম অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগ, প্রশাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি আইনজীবীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভোটের মাধ্যমে আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ করে দিয়েছেন। এজন্য দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আজ জনপ্রতিনিধি হিসেবে যে সম্মান ও অবস্থান অর্জন করেছি, তার পেছনে আইনজীবী সমাজের অবদান রয়েছে। আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা আদালতের পিপি আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লাসহ আইনজীবী নেতারা।

