নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে কথা বলে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুরে একটি ঘটনার বিষয়ে তথ্য ও ওসির বক্তব্য সংগ্রহ করতে বন্দর থানায় যান বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি শেখ সুমন। এ সময় প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে ওসি সহযোগিতা না করে রূঢ় ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, বন্দর থানায় যোগদানের পর থেকেই ওসি জামাল উদ্দিন বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণ করে আসছেন। সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরিবর্তে নানা অজুহাতে সাংবাদিকদের নিরুৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তবে ঘটনার পর সাংবাদিক শেখ সুমন মুঠোফোনে ওসি জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় ওসি বলেন, “সাংবাদিক ভাইটিকে চিনতে পারিনি, তাই ভুল বোঝাবুঝি হয়েছে।”

