নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘস্থায়ী যানজট নিরসন, অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় বক্তব্যে এমপি মান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষভাবে কাঁচপুর সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের বিষয়টি আলোচনায় আসে। যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অবৈধ চুনা কারখানার বিষয়ে এমপি মান্নান বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার পর যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু হয়, তাহলে সেই অভিযান কাঙ্ক্ষিত ফল দেবে না। তিনি অভিযোগ করেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিছু কারখানায় পুনরায় সংযোগ চালু হওয়ার ঘটনা ঘটছে। এসব অনিয়ম বন্ধে কঠোর নজরদারি এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমেরও প্রশংসা করা হয়। ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে ইতিবাচক সাফল্যের কথা উল্লেখ করে অপরাধ দমনে আরও নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

