কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে লাখো মানুষ বরণ করে নিয়েছিল লিওনেল মেসিদের। এবারও ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এবারও তেমনই প্রস্তুতি গ্রহণ করছে।
শনিবার এক বিবৃতিতে এএফএ জানায়, সোমবার ও মঙ্গলবার দেশের সব স্তরের ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ শেষে জাতীয় দলের দেশে ফেরাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। জিততে পারলে আর্জেন্টিনা জিতবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ, আর বিশ্বকাপের সর্বাধিক শিরোপাজয়ী দেশের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে উঠে যাবে। বর্তমানে ব্রাজিলের ৫টি এবং জার্মানি ও ইতালির ৪টি করে বিশ্বকাপ রয়েছে।
এছাড়া ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাসও গড়তে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে নিজেদের সপ্তম বিশ্বকাপ ফাইনাল।

