বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সোমবার (২৯ জুন) সকালে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রিয়ার পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সকাল ১১টার দিকে নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা বিউটি ঘোষের বাসভবনে গিয়ে তিনি এ সহায়তা প্রদান করেন।
এ সময় সাখাওয়াত হোসেন খান বলেন, রিয়া গোপ হত্যা মামলার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানান, এ মামলার একজন সাক্ষী হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে নগরীর মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলতে থাকা ছয় বছর বয়সী রিয়া গোপ গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় এক বছর পর চলতি বছরের ২৯ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে রিয়া গোপ হত্যা মামলা দায়ের করে। পরিবারের পক্ষ থেকে মামলা না হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে এ মামলা করে।
এদিকে, একমাত্র সন্তানকে হারানোর বেদনা এখনও বয়ে বেড়াচ্ছেন রিয়ার বাবা-মা। তাদের ভাষায়, কোনো আর্থিক সহায়তা কিংবা সান্ত্বনাই তাদের আদরের সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। রিয়ার স্মৃতিকে আঁকড়ে ধরেই তাদের প্রতিটি দিন কাটছে।

