নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। শুক্রবার (১০ জুলাই) রাতে একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

