নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত ও বহুলচর্চিত একটি নাম জাকির খান। একসময় রাজপথের দাপুটে ছাত্রনেতা, পরে দীর্ঘ সময় দেশের বাইরে ও কারাগারে থাকা সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন নানা বাঁক পেরিয়েছে। তবে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর কারামুক্ত হয়ে প্রকাশ্যে আসার পর জাকির খানকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আলোচনায় শুধু অতীতের বিতর্ক নয়, সামনে এসেছে তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, মানবিক কর্মকাণ্ড এবং পদ-পদবীর বাইরে নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও।
২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। কারাগারের বাইরে তাকে বরণ করতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। ফুল-মালা দিয়ে বরণ করার পর নেতাকর্মীদের নিয়ে শহরে শোডাউনও করেন তিনি।
তার মুক্তির বিষয়টি শুধু একটি রাজনৈতিক নেতার কারামুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকেনি; নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে জাকির খানের সাংগঠনিক প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল বলে তার আইনজীবী জানিয়েছেন। এর মধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় জামিনে ছিলেন; একটি মামলায় পাঁচ বছরের সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর তিনি মুক্তি পান।
জাকির খানের রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ১৯৯৯ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হন। সে সময় তার নেতৃত্বে ছাত্রদলের একটি শক্তিশালী সাংগঠনিক বলয় গড়ে ওঠে।এমনকি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও তার অনুসারীরা নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে।
জাকির খানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার বক্তব্যে পরিবর্তনের বিষয়টি। কারামুক্তির পর তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। একই সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে ‘মানবিক নারায়ণগঞ্জ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি যেন আগামী প্রজন্মকে দেখতে না হয় এমন বক্তব্যও দেন তিনি।
এই বক্তব্যের মধ্য দিয়ে জাকির খানের রাজনৈতিক অবস্থানে একটি নতুন বার্তা স্পষ্ট হয়েছে শুধু রাজপথের শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠন, মানবিক কর্মকাণ্ড, প্রশাসনের সঙ্গে সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক পরিবেশ তৈরির কথাও তিনি সামনে আনছেন।
বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচিও তার অনুসারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাকির খান তার রাজনৈতিক বলয়কে শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন এমন একটি চিত্র পাওয়া যায়।
জাকির খানের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি উল্লেখযোগ্য দিক হলো দীর্ঘ সময় ধরে বড় কোনো দলীয় পদে না থেকেও তার একটি নিজস্ব কর্মী-সমর্থক বলয় রয়েছে। বলা হয় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পর জাকির খান ছাড়া নারায়ণগঞ্জে এত বড় বিশাল কর্মী সমর্থক অণ্য কারো নেই ।
এখানেই জাকির খানের রাজনীতির একটি ভিন্ন দিক সামনে আসে। পদ-পদবী না থাকলেও নেতাকর্মীদের একটি অংশ তাকে নিজেদের রাজনৈতিক অভিভাবক হিসেবে বিবেচনা করে এমনকি তার এক ডাকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে যায়। ২০২৫ সালে কারামুক্তির পর বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সেই সাংগঠনিক সম্পর্কের দৃশ্যমান বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হয়েছে।
জাকির খানের রাজনৈতিক জীবনের অতীত ছিল সংঘাত, মামলা, গ্রেপ্তার ও বিতর্কে ঘেরা। অন্যদিকে সাম্প্রতিক বক্তব্যে উঠে আসছে মানবিকতা, দলীয় ঐক্য, ৩১ দফা বাস্তবায়ন, প্রশাসনকে সহযোগিতা এবং প্রতিহিংসার রাজনীতির অবসানের কথা।
অর্থাৎ, জাকির খানের রাজনৈতিক ভাষ্য ও প্রকাশ্য কর্মকাণ্ডে একটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই পরিবর্তন কতটা স্থায়ী এবং বাস্তব রাজনীতিতে তার প্রতিফলন কতটা ঘটবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
কারণ, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি একদিনে বদলায় না। অতীতের বিতর্ক যেমন তার রাজনৈতিক পরিচয়ের অংশ, তেমনি বর্তমানের কর্মকাণ্ডও তার নতুন পরিচয় নির্মাণ করছে। ফলে ‘নতুন জাকির খান’কে মূল্যায়নের ক্ষেত্রে শুধু অতীত নয়, সামনের দিনের কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
কারামুক্তির পর জাকির খানকে ঘিরে বিএনপির ভেতরে আলোচনা শুরু হলেও তার ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ভবিষ্যৎ রাজনীতিতে তাকে সক্রিয় করার বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে পর্যবেক্ষণের আলোচনা রয়েছে।
একসময় যে জাকির খানকে ঘিরে রাজপথের শক্তি, সংঘাত ও মামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, সেই জাকির খানই এখন মানবিক নারায়ণগঞ্জ, দলীয় ঐক্য ও ৩১ দফার কথা বলছেন। পদ-পদবী থাকুক বা না থাকুক, নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্কই আগামী দিনে তার রাজনৈতিক অবস্থানের সবচেয়ে বড় শক্তি হতে পারে।
তবে শেষ পর্যন্ত ‘ভিন্ন রূপের জাকির খান’ কেবল বক্তব্যে, নাকি বাস্তব কর্মকাণ্ডেও তার উত্তর দেবে সময়।

