নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নিয়ে নারায়ণগঞ্জে আনা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে তাকে নিয়ে আসে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পর কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসপি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, অভিযোগের বিষয়ে কথা বলতেই তাকে ঢাকায় খুঁজে বের করা হয় এবং নারায়ণগঞ্জে আসার জন্য সহযোগিতা চাওয়া হলে তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। বর্তমানে তাকে অভিযোগগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

