বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে আসছেন। তাঁর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই দিন নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে দলের কর্মী সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় ১৫ হাজার কর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। তবে মাঠের ধারণক্ষমতার চেয়ে বেশি লোকসমাগমের সম্ভাবনা থাকায় মাঠের বাইরে অবস্থানকারীদের জন্য বড় এলইডি স্ক্রিনে সম্মেলনের কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ মহানগর এলাকায় জামায়াতের কয়েক হাজার সক্রিয় কর্মী রয়েছেন। সীমিত পরিসরের কারণে সবাইকে মাঠে স্থান দেওয়া সম্ভব হবে না। তাই যারা মাঠে প্রবেশ করতে পারবেন না, তাদের জন্যও সম্মেলনের কার্যক্রম উপভোগের সুযোগ রাখা হয়েছে।
সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া, পঞ্চবটি ও আশপাশের এলাকায় প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক যানবাহন নিয়ন্ত্রণ, অতিথিদের দিকনির্দেশনা প্রদান এবং সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন।
জামায়াত নেতারা জানান, কর্মী সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় নির্বাচন, গণতন্ত্র, সুশাসন এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি সংগঠনের কর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
নিরাপত্তা প্রসঙ্গে মাওলানা আবদুল জব্বার বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে তিনি দেশের প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের বিষয়েও বক্তব্য দেন। পাশাপাশি চলমান অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় জনমুখী রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতারা কর্মী সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসী এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

