ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের অলি-গলি থেকে শুরু করে শহরের ব্যস্ত বাজারগুলোতেও। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে জার্সি কিনতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। তবে এবারের বিশ্বকাপ মৌসুমে নারায়ণগঞ্জের জার্সির বাজারে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে আর্জেন্টিনার জার্সির। তুলনামূলকভাবে ব্রাজিলের জার্সির বিক্রি কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৮ জুন) সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, দুই নম্বর রেলগেট, কালীরবাজার ও আশপাশের বিভিন্ন মার্কেট এবং ফুটপাতের জার্সির দোকান ঘুরে দেখা যায়, আকাশি-সাদা রঙের আর্জেন্টিনা জার্সির সামনে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। এছাড়া ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, স্পেন ও ইরানের জার্সির চাহিদাও রয়েছে। তবে বিক্রির হিসাবে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
চাষাঢ়ার একটি জার্সির দোকানের বিক্রেতা মো. সোহেল বলেন, “এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। বিশেষ করে তরুণদের মধ্যে মেসির জার্সির চাহিদা অনেক বেশি। দোকানে যত জার্সি আনছি, দ্রুত শেষ হয়ে যাচ্ছে।”
দুই নম্বর রেলগেট এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, “ব্রাজিলের সমর্থকও কম না। তবে আর্জেন্টিনার জার্সির তুলনায় বিক্রি কিছুটা পিছিয়ে আছে। অনেকে দাম শুনে পরে কিনবেন বলে চলে যাচ্ছেন।”
বিক্রেতারা জানান, গত বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকেই আর্জেন্টিনার জনপ্রিয়তা আরও বেড়েছে। বিশেষ করে ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি তরুণদের আবেগ জার্সির বাজারে বড় প্রভাব ফেলছে। সাম্প্রতিক ম্যাচে আর্জেন্টিনার জয়ও জার্সির চাহিদা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
কালীরবাজার এলাকার দোকানদার মাহফুজ রহমান বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বিক্রি বাড়ছে। আর্জেন্টিনার পাশাপাশি পর্তুগালের জার্সিও ভালো বিক্রি হচ্ছে। তবে আর্জেন্টিনা এখন সবার ওপরে।”
এবারের বাজারে একটি ব্যতিক্রমী চিত্রও দেখা যাচ্ছে। অন্যান্য দেশের পাশাপাশি মুসলিম দেশ ইরানের জার্সির চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক দোকানে পর্যাপ্ত মজুদ না থাকায় আগ্রহী ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে।
ফুটপাতের এক বিক্রেতা সুমন জানান, “ইরানের জার্সির জন্য অনেকেই খোঁজ করছেন। আগে কখনো এমন চাহিদা দেখিনি। কয়েকবার নতুন করে জার্সি আনতে হয়েছে।”
এদিকে ক্রেতাদের অভিযোগ, গত কয়েক বছরের তুলনায় এবার প্রায় সব দেশের জার্সির দাম বেড়েছে। অনেকের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ফলে প্রিয় দলের জার্সি কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।
ক্রেতা তানভীর আহমেদ বলেন, “গতবার যে জার্সি ৩০০ থেকে ৪০০ টাকায় পাওয়া যেত, এবার সেটির দাম ৫০০ থেকে ৭০০ টাকা চাওয়া হচ্ছে। তবুও প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই কিনতে হচ্ছে।”
ব্যবসায়ীরা জানান, বর্তমানে সাধারণ মানের জার্সি ৪০০ থেকে ৭০০ টাকা এবং উন্নত মানের জার্সি ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত এগিয়ে যাবে, ততই বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।
দোকানিদের প্রত্যাশা, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে আসার সঙ্গে সঙ্গে বাজারে আরও বেশি ক্রেতা আসবেন। তবে আপাতত জার্সির বিক্রির দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

