নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশের অন্যান্য উপজেলার তুলনায় রূপগঞ্জ ইতোমধ্যে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। নতুন বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে রাস্তাঘাটসহ বিভিন্ন জনদুর্ভোগের সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য দিপু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁর নতুন অফিসের উদ্বোধন করেন।

