নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার বাসিন্দা। তিনি রূপসী ঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে চালক ইয়াকুব হোসেন রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গোডাউনের দিকে যাচ্ছিলেন। পথে চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় মনির হোসেনকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ট্রাক ও চালক ইয়াকুব হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রূপগঞ্জ থানার এসআই পার্থ জানান, চালক ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের বিষয়ে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

