নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১০ জুন) রাতে রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পাঁচটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আকাশ (২০), ফরহাদ হোসেন (৩১), রনি (১৯), দিল মোহাম্মদ দিলু (৪৮) এবং বাবু লাল বাসক (৩২)। তারা সবাই রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫৫ বোতল ফেনসিডিল (স্কার্ফ), ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

