নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অভিযানে খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরপা এলাকার সেচ প্রকল্পের পানি নিষ্কাশন খালের প্রায় ১৩ কিলোমিটার অংশজুড়ে দুই তীরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখল গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।
অভিযান চলাকালে মজুমদার গ্রুপের নির্মিত সীমানা প্রাচীরসহ খালের জায়গা দখল করে গড়ে তোলা একাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় দখলমুক্ত করা খালের অংশে পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, সরকারি খাল ও জলাধার রক্ষা এবং জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, খাল দখলমুক্ত করার ফলে সেচ প্রকল্পের পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং বরপা ও আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

