নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাম্প্রতিক প্রতিবাদ সমাবেশে সাবেক কাউন্সিলর বিভা হাসানের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশে বিভা হাসানকে বিএনপির নেতাদের সঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে দলটির তৃণমূলের একটি অংশ প্রশ্ন তুলেছে। তাদের দাবি, অতীতে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ফলে বর্তমান সময়ে বিএনপির কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিএনপির রাজনীতির বিরোধিতা করেছেন বা দলীয় কর্মকাণ্ডে নেতিবাচক ভূমিকা রেখেছেন বলে তাদের ধারণা, তাদের কেউ কেউ এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তাদের ভাষ্য, এতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে।
তাদের আরও দাবি, সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এ কারণে অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা কিছু ব্যক্তি বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলেও তারা মনে করেন।
জানা যায়, বিভা হাসান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন সাবেক কাউন্সিলর। তার স্বামী হাসান একসময় নারায়ণগঞ্জ শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে তাদের অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে।

