ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে রামিসা হত্যার বিচার এবং শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তোলারাম কলেজ শাখার আহ্বায়ক ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সংগঠক ইফতি আহমেদ জিহাদ, ইয়াসিন আরাফাত অভি এবং খাদিজা আক্তার লামিয়া।
বক্তারা বলেন, একটি শিশুকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা নিহত রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
তাদের দাবি, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীর প্রতি সহিংস মনোভাব, মাদক ও অপরাধের বিস্তার এবং রাজনৈতিক-সামাজিক প্রশ্রয়ের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। অতীতের বিভিন্ন ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, শুধু সাময়িক পদক্ষেপ নয়, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী-শিশুবান্ধব সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধন থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কয়েকটি দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে— রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর দ্রুত বিচার সম্পন্ন করা, নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা।

