ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত “এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড” বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত “এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড” একটি একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এর ফলে দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, চুক্তির বিভিন্ন শর্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির দিকে ঠেলে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের চুক্তি কার্যকর হলে দেশীয় শিল্প ও কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং বহু শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কা তৈরি হবে বলেও উল্লেখ করেন ছাত্র ফ্রন্টের এ নেতা।
চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে মশাল মিছিল কর্মসূচি সফল করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

