ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফো ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূইগর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। রোববার ভোরে গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কের একটি আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফ্ল্যাটটির ভাড়াটিয়া মো. শাহজাহান মিয়া। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষসংলগ্ন রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ ছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় কক্ষে গ্যাস জমে যায়। পরে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাটির পর ভবনের অন্যান্য বাসিন্দাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

