ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আলোচিত যুবদল নেতা শামীম মিয়াকে অবশেষে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। তার সঙ্গে আরও ছয় সহযোগীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (৮ মে) গভীর রাতে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে র্যাব-১৫ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
গ্রেফতার শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার সঙ্গে আটক অন্যরা হলেন— মানিক ঢালি (৩৪), আব্দুল করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। তারা সবাই রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৫ মে ভোরে রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শামীমের সমর্থকরা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়, সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে এবং পুলিশের একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা হাতকড়াসহ শামীম মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে চনপাড়া এলাকায় পুরুষদের উপস্থিতি অনেকটাই কমে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও জোরদার করা হয়।
এদিকে পুলিশের দায়িত্ব পালনে বাধা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামীম মিয়াকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

