নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরে পূজা-অর্চনা নির্বিঘ্ন রাখতে প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের মাধ্যমে বিরোধ সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে বিষয়টি জানানোর পর তিনি সমাধানের উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মন্দিরে গিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন।
আলোচনায় মন্দিরে ভক্তদের প্রবেশ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়। মন্দির কমিটির প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ধর্মীয় কার্যক্রম চালু রাখারও অনুরোধ করেন সাখাওয়াত হোসেন খান।
তিনি জানান, আগামী ২৬ অক্টোবর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করে জমি-সংক্রান্ত বিরোধ সমাধানের বিষয়ে আলোচনা করা হবে। এ সময় পূজা উদযাপন পরিষদের জেলা নেতৃবৃন্দ, মন্দির কমিটির কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানান, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি নিয়ে বিরোধ চলছে। তাঁর অভিযোগ, মন্দিরের জায়গা, পুকুর ও মাঠের জমি নিয়ে বিরোধের কারণে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
মন্দির কমিটির প্রত্যাশা, ২৬ অক্টোবরের বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান হবে এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত হবে।

