ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিপিসি-১ এর একটি দল চাষাড়া মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। এ সময় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানার বাসিন্দা আবুল হাসেমের ছেলে মো. আবুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাকিব হোসেন (২৩)।
র্যাব জানায়, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে সাইবার মাধ্যমে অনলাইন জুয়ার বিস্তার দিন দিন বাড়ছে, যা স্থানীয় সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাব-১১ তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

