ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতীয় ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনিং বাসস্থান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য আলাদা বরাদ্দ দেয়ার দাবি তুলে ধরে মে দিবস-এ শ্রমিক সমাবেশ ও লাল পতাকার মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১ মে’) বিকেল ৪ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ করেছেন। সমাবেশ পরবর্তী লাল পতাকার একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন প্রধান অতিথি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, টিইউসি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি আঃ হাই শরীফ, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশে (ইনসাব) জেল কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ও হকার নেতা আব্দুস সালাম সহ বিভিন্ন খাতের শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের লড়াইয়ে জীবন দিয়ে সেদিন সারাবিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল। বর্তমান বিশ্বব্যবস্থায় পুঁজির আগ্রাসন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী শ্রমিকদের কাজ ও মজুরি সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় শ্রমিকদের আরও সচেতন ও সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। একটি গণতান্ত্রিক ও মানবিক শিল্পব্যবস্থায় শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে। কারণ শক্তিশালী ট্রেড ইউনিয়ন কেবল শ্রমিকের অধিকার রক্ষা করে না; এটি শিল্পে স্থিতিশীলতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সংলাপই পারে শিল্পখাতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করতে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে সত্যিকার অর্থে অর্থবহ করতে হলে শ্রমিকের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শ্রমিকের মানবিক জীবন ধারণ উপযোগী মজুরি র্নির্ধারণ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন, মাতৃত্বকালীন সুবিধা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলে ধরে তারা বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে জীবনধারণযোগ্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনিং বাসস্থান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংস্কার করে গণতান্ত্রিক শ্রম আইনে রূপান্তর, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

